বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬ থেকে ৭ জনের সাথে বসে গল্প করছিলেন। এ সময় বিদ্যুৎ ছিল না। তখন মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, রাত সাড়ে ৯টার দিকে আমরা জানতে পারি দুর্বৃত্তরা মিজানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে। আমরা দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসি, সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত