নেত্রকোণায় ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। গোডাউনে কোনো লোকজন না থাকায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। এ ঘটনায় রফিক নামের একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা রুজু হয়েছে।

চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।

জানা গেছে, সীমান্ত উপজেলা কলমাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে এক শ্রেণির অসাধু লোকজন দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধভাবে চিনি, মাদক, মসলা, কম্বল, শাড়ী, ত্রি-পিছসহ নানা ধরনের কসমেটিক সামগ্রী নিয়ে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) মধ্য রাতে যৌথ বাহিনীর কলমাকান্দার ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশের নেতৃত্বে অভিযান করেন। এ অভিযানে চোরাকারবারি রফিকের ভাড়া নেওয়া গুদামঘর থেকে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে রফিক নামের এক ব্যক্তির গোডাউন থেকে ২৭৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। থানায় বিশেষ ক্ষমতা আইনের একজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত