বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর করে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪ থেকে ৫ হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকের আগস্ট মাসের বেতন ও ছুটির ভাতা পরিশোধ করার দিন ধার্য ছিল। কিন্তু বিকাল হলেও বেতন না দেওয়া শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন। পরে শ্রমিকরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে চার দফা দাবিতে শ্রমিকরা গত রবিবার বিক্ষোভে করেন। তাদের প্রধান দাবিগুলো ছিল সময় মতো বেতন প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, রিজাইন করা শ্রমিকদের পে ফান্ডের সঠিক অর্থ প্রদান এবং ছুটির টাকার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা। ওইদিনই কর্তৃপক্ষ শ্রমিকদের জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার তাদের পাওনাদি পরিষোধ করা হবে কিন্তু বেতন—ভাতা না পেয়ে শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টায় শ্রমিকরা ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। এ ব্যাপারে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।
