আদালত প্রাঙ্গণে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় সাইফুল ইসলাম রনি (৩০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্ররা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ এর আদালতে জামিন নিতে গেলে এ ঘটনা ঘটে। রনি পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়৷ এসময় বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ছাত্রদের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার সকালে ২২ জন আসামি আদালতে জামিন নিতে যায়। এ খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ছুটে যায়। একপর্যায়ে তারা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রনিকে পিটিয়ে রক্তাক্ত করে। এসময় ছাত্র আন্দোলনের মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন না করতে আইনজীবীদের চাপ সৃষ্টি করা হয়। এ কারণে সাইফুল ইসলাম রনিসহ ২২ জনের জামিন আবেদন আইনজীবীরা প্রত্যাহার করে নেন।

পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নূর মিঞা জানান, এক আসামিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্ররা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২২ জনের জামিন আবেদনও প্রত্যাহার করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারও জামিন আবেদন না করতে ছাত্রদের পক্ষ থেকে আইনজীবীদের অনুরোধ জানিয়েছেন।

পটিয়া থানার এসআই আকরাম হোসেন জানিয়েছেন, আদালতে জামিনের জন্য গিয়েছিলেন আহত সাইফুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি করার অভিযোগে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত