দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি কারখানা বন্ধ রয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত অন্তত চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবারও অন্তত ২৬টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাসহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সকালে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকেরা কাজে ফেরেনি। এরকম ২২টি কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি জানান, আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে আরও চার থেকে পাঁচটি কারখানা। সব মিলিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ২৬টি কারখানায় আজ উৎপাদন বন্ধ রয়েছে।
অন্যদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাশাপাশি শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহলও অব্যাহত রয়েছে।
চিকিৎসককে মারধর, কক্সবাজার সদর হাসপাতাল কমপ্লিট শাটডাউন
নেসকোর ২৫ নির্বাহী প্রকৌশলীর ১৪ জনই অবৈধ