পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৮ মিনিটে পাঞ্জাবের সব জেলা ও লাহোরে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। খবর ডনের।
পিডিএমএর মুখপাত্র মাজহার হুসাইন বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ডিজি খান এলাকা। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠা সব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
পাকিস্তানের আবহাওয়া ব্ভিাগ (পিএমডি) বলেছে, বুধবার সকাল ৭টা ২৮ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প পরবর্তী আফটারশকের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
এদিকে পাকিস্তানে উৎপত্তিস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে দিল্লিসহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে। ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৫২