বড় পর্দায় স্থির হতে চান তনয় বিশ্বাস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

প্রাচ্যনাট্য স্কুলিং করে শোবিজে পা রাখেন তনয় বিশ্বাস। কাজ করেন বেশ কিছু বিজ্ঞাপনে। ২০১৫ সালে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর নাম লেখান অভিনয়ে, তাও আবার বড় পর্দায়। রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে তার। এরপর বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও দেখা গেছে।

তিনি জানালেন, প্রথম সিনেমা মুক্তির পর দেশ ও দেশের বাইরে থেকে একাধারে কাজের প্রস্তাব আসতে থাকে তার। এর মধ্যে কিছু নাটকেও অভিনয় করেন তিনি। এরপর ডাক পান কলকাতা থেকে। সেখানে প্রায় ছয় মাস ভারতীয় বাংলা সিরিয়ালে অভিনয় করে এরপর আবার দেশে ফেরেন এই তরুণ অভিনেতা।

এই মুহূর্তে ‘দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তনয়। এ ছাড়া হাতে রয়েছে বেশ কিছু একক নাটক। তিনি বললেন, এখন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারে যাচ্ছে ‘দেনা পাওনা’ নাটকটি। এই ধারাবাহিকের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছে। এটি ছাড়াও আরও কিছু একক নাটকের কাজও করছি।

নাটক এবং সিনেমা দুই মাধ্যমেই সরব এই অভিনেতার লক্ষ্য মূলত সিনেমা। তার ভাষ্যে, ‘সবারই তো একটা স্বপ্ন থাকে সিনেমা করার। আমিও তার ব্যতিক্রম নই। আমার শুরুটাই হয়েছে সিনেমা দিয়ে। এরপর নাটক করেছি, বিজ্ঞাপন করেছি। এখনো করছি। সিনেমা যেহেতু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এখানে নিজেকে সঠিকভাবে উপস্থাপনের জন্য বাড়তি প্রস্তুতির দরকার আছে। বলতে পারেন, নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অনেক কিছু শিখছি। নিজেকে প্রস্তুত করছি। দুই মাধ্যমে কাজ করলেও আমার মূল লক্ষ্য আসলে সিনেমা। সত্যি বলতে, এখন আমাদের সেভাবে সিনেমা হচ্ছে না। আরও অনেক বেশি সিনেমা হওয়া উচিত।’

প্রথম সিনেমার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার এখানে আসা অনেকটাই হুট করে। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমার জন্য অডিশনের ডাক আসে। আমি ভাবিনি যে সিলেক্ট হয়ে যাব। এরপর তো কাজটা করলাম। কিন্তু সিনেমাটি রিলিজ পেল চার বছর পর। রিলিজের পর আমার কাছে কাজের প্রস্তাব আসতে থাকে। এরপর আরও একটা সিনেমা করি। এর পাশাপাশি বিজ্ঞাপন, নাটক সবকিছুতেই নিজেকে ব্যস্ত রেখেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত