নিখোঁজের ২দিন পর পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ইয়ানুর মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বড়খাপন গ্রামের নিজ বাড়ির সামনে পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইয়ানুর উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়খাপন গ্রামের হতদরিদ্র আবুল হাশেমের ছেলে ইয়ানুর তার বাবার সাথে মাছ ধরাসহ অন্যের জমিতে কৃষি কাজ করতো। বুধবার সন্ধার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। ইয়ানুর মৃগী রোগে আক্রান্ত ছিল। বাড়িতে না আসায় তার সৎ মা চিন্তিত হয়ে পড়েন এবং হাশেমকে জানান। পরে রাতেই তারা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। কোথাও কোনো খোঁজ খবর পাননি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে ৪-৫শ গজ দূরে একটি পরিত্যক্ত পুকুরে পানিতে তার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়। খবর পেয়ে আবুল হাশেম স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে সুরতহালের রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

বড়খাপনের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন বিশ্বাস বলেন, ইয়ানুরকে বুধবার সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছিল না। সে মৃগী রোগে আক্রান্ত ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফিরোজ জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বড়খাপন গ্রামের ইয়ানুর নামের একটি ছেলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। সুরতলের রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত