শেন ওয়ার্নের জন্মদিনে প্যাট কামিন্সের আবৃত্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের জন্মদিন আজ। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫৫ বছর। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনারের জন্মদিনে একটি কবিতা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই কবিতাটি আবৃত্তি করেছেন বর্তমান অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। 

২০২২ সালে অ্যাডাম বার্নেটের লেখা ‘লাইটনিং ইন আ বোতল: অ্যান ওড টু শেন ওয়ার্ন’ শিরোনামের কবিতাটি বেশ বড়। শেন ওয়ার্নের বর্ণাঢ্য ক্যারিয়ারের দুর্দান্ত সব মুহূর্তগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেজেছে কামিন্সের আবৃত্তি, যা মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

কবিতাটির শুরু এরকম:

আপনার মনের চোখে এখনো তাকে দেখছেন, নিজের মার্কে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে

হাতে নিয়ে বল, শান্ত চোখে সে চারপাশে তাকাচ্ছে

আরেকটি হৃদকম্পনের অপেক্ষায় তিনি ফিল্ডারদের নির্দেশনা দিচ্ছেন

এটা জাদুর অংশ, দুর্দান্ত একটি প্রদর্শনীর অংশ

তার হাঁটা শুরু হয়, নিজেকে নিয়ে যেতে থাকেন অনন্য উচ্চতায়

তিনি এটাকে ছুড়ে দেন, বাকিটা আমরা জানি, এর চেয়ে ভালো দৃশ্য কি আছে? 

অস্ট্রেলিয়ার এই স্পিন কিংবদন্তি লেগ স্পিনকে নতুন জীবন দান করেছিলেন। একটা শৈল্পিক বোলিং আক্রমণ ফিরে এসেছিল তার হাত ধরেই। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে গোটা বিশ্বকে স্থব্ধ করে তিনি চিরবিদায় নেন। ধারণা করা হয়, হৃদরোগে মৃত্যু হয়েছিল শেন ওয়ার্নের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত