তামিম অবসর নিয়েছে নাকি? –প্রশ্ন বিসিবি সভাপতির

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্যারিয়ারের রহস্য এখনও উন্মোচিত হয়নি। তিনি কি আবারও বাইশ গজে ফিরবেন নাকি বিসিবির কোনো দায়িত্ব গ্রহণ করবেন- তা এখনো অনিশ্চিত। শোনা যাচ্ছে, তামিমকে ক্রিকেট অপারেশন্সে দেখা যেতে পারে। এই গুঞ্জনের মাঝেই গত বৃহস্পতিবার হুট করেই তামিম বিসিবিতে গিয়ে সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেন।

সেই বৈঠকের কারণে তামিমের ক্রিকেট অপারেশন্সে আসার গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে আজ শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, ‘তামিম এসেছিল। আপনারা জানেন, আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারিনি। প্রথম কথা হলো, ও এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এখন যেহেতু একটু কঠিন সময় চলছে, তাই আমাদের লিগগুলো, বিপিএল কীভাবে সময়মতো হবে- এসব নিয়ে প্রস্তাবনা ছিল। এ নিয়েই আমরা আলোচনা করেছি যে কীভাবে আমরা করতে পারি।’

ফারুক আহমেদের সঙ্গে তামিমের ঘনিষ্টতার কথা সর্বজনবিদিত। তাদের মাঝে আত্মীয়তাও আছে। এরপর ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়, তামিম ক্রিকেটার হিসেবেই এসেছিলেন কিনা? জবাবে বেশ অবাক হয়েই ফারুক আহমেদ বলেন, ‘সে খেলোয়াড়, আপাতত খেলোয়াড়। রিটায়ার করছে নাকি ও? (হাসি)।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত