নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, এখনো ফেরেনি ৬৪ জেলে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম

নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ৬টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, এখনো সাগর থেকে ফেরেনি কক্সবাজারের ৬৪ মাঝিসহ ৩টি ট্রলার। যদিও রাতে ও সকালে ফিরেছে আরও ১০টি ট্রলার। এদিকে কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর এবং বিকাল সাড়ে ৫টার দিকে লাবণী চ্যানেল ও ইনানী পয়েন্টে ঝড়ো বাতাসের কবলে পড়ে ৬টি ট্রলার ডুবে যায়। পরে এসব ট্রলার ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে ভেসে আসে। এসব ট্রলারে থাকা মাঝি-মাল্লারা কুলে উঠতে পারলেও ৩ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গেল দুই দিনে ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাকখালী ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিভারী বৃষ্টিপাতের কারণে শহর ও গ্রামে প্লাবিত এলাকার বাসিন্দারা মারাত্মক দুর্ভোগে রয়েছে। কক্সবাজার শহরের হোটেল হোটেল জোনে সাময়িক জলাবদ্ধতার কারণে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কক্সবাজার জেলার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, সাগর উত্থাল ও বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার রাত পর্যন্ত ৬৫টি ট্রলারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তবে শনিবার সকালে সবগুলো ট্রলার ফিরে আসার খবর পাওয়া গেলেও কক্সবাজার সদর এলাকার তিনটি মাছ ধরার ট্রলার ৬৪ মাঝিমাল্লাসহ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শনিবার উদ্ধার হওয়া জেলের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার ধারণা এটি চট্টগ্রামের বাঁশখালী এলাকার হতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে, কক্সবাজার চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত