অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

  • বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির সাথে এ সংক্রান্ত চুক্তি হয়েছে
  • চুক্তির আওতায় অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র  
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সরকার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের অংশ হতে পেরে ভালো লাগছে বলেও জানান অঞ্জলি কৌর।

তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি, যার আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য।

অঞ্জলি কৌর আরও বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভূক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। আমরা স্বাস্থ্য, শাষন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। আমি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত