শিল্পাঞ্চল আশুলিয়ায় গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন দাবি আদায়ে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। এ সময় কমিটির সদস্যরা কারখানার মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের অভিযোগ শুনে প্রাথমিক দিক নির্দেশনা দিয়েছেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা প্রথমে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গ্রুপ পরিদর্শন করেন। পরবর্তীতে তারা পাশ্ববর্তী হা-মীম গ্রুপ পরিদর্শনে যান। সেখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা শ্রমিক মালিকসহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
পর্যবেক্ষণ কমিটির নেতৃত্বে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন জানান, আশা করছি আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে পরিস্থিতির উন্নতি হবে। সব কারখানা ধীরে ধীরে খুলে দেওয়া হবে। কোনো দাবিতে সড়ক ও কাজ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। সকল অভিযোগ শুনতেই সরেজমিনে এসেছি। প্রয়োজনে হট লাইনেও অভিযোগ জানাতে পারবেন। শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা মালিক শ্রমিক উভয় পক্ষেরই অভিযোগ শুনে সরকারকে অবহিত করবেন। যে সকল দাবি পূরণ করা যায় তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
এর আগে রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। এর ফলে বেশীরভাগ কারখানা উৎপাদনে ফিরলেও আজও বন্ধ রয়েছে প্রায় ২০ টি কারখানা। এর মধ্যে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৮টি, বাকী দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে শিল্পাঞ্চলের পোশাক কারখানা ঘুরে দেখা যায়, রবিবার (১৫ সেপ্টেম্ব) সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন। নাশকতা ও সহিংসতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, রবিবার (১৫ সেপ্টেম্বর) এই অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ১৮টি বন্ধ এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাহিরে শিল্পাঞ্চলের সকল কারখানায় স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
