মিয়ানমারে বন্যার পানিতে ডুবে ১৮ চিকিৎসকের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

মিয়ানমারের কায়াহ রাজ্যের ডেমোসো এলাকায় বন্যার পানিতে ডুবে ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছিলেন।

মারা যাওয়া চিকিৎসকরা কেএনডিএফ, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সদস্য ছিলেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কেএনডিএফ জানিয়েছে, নদী পারাপারের সময় চিকিৎসকরা ভেসে যান।

এক উদ্ধারকারী সদস্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানায়, একে অপরকে সাহায্য করতে গিয়ে বন্যায় ভেসে যান তারা। পর ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কেএনডিএফ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করবে।

টাইফুন ইয়াগি ভিয়েতনামে আঘাত হানার পর থেকে ডেমোসো টাউনশিপের পাঁচটি শিবিরের ৭০টিরও বেশি তাঁবু ভেসে গেছে। উত্তরাঞ্চলীয় কারেন রাজ্যের থানডাং টাউনশিপের একটি শিবিরে ১০টি তাঁবু ভেসে গেছে বলে জানা গেছে।

বাস্তুচ্যুত কারেন্নি বাসিন্দাদের সহায়তাকারী গ্রুপ তুন মিয়ানমার ডোনেশন বৃহস্পতিবার জানিয়েছে, পেকন টাউনশিপে বন্যায় তিনজন নিহত ও ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

মঙ্গলবার থেকে মিয়ানমারের প্রায় অর্ধেক অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। সরকার বলছে, বন্যায় প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত