শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম

বর্তমানে মা-বাবার সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো শিশুর মোবাইল ফোন আসক্তি নিয়ে। এখনকার বেশিরভাগ শিশুই স্মার্টফোনে গেম খেলতে বা ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করে। মোবাইল ফোন একবার হাতে পেলে তারা সেটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে ফেলতে পারে। এর ফলে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কমে যাচ্ছে শারীরিক কার্যকলাপ। শিশুরা অলস হিসেবে বেড়ে উঠছে। তাই শিশুর হাতে যতটা সম্ভব ফোন দেওয়া বন্ধ করুন। শিশুকে ফোন থেকে দূরে রাখতে চাইলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক:

১. বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনো ফোন ব্যবহার করবেন না কিংবা ফোন রাখবেন না। প্রয়োজনে আপনার কাছের মানুষ, আত্মীয়-স্বজনদের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন, যে সময় আপনি তাদের সঙ্গে বা তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন।

২.শিশুকে সৃজনশীল কাজে উৎসাহ দিন। গাছ লাগানো, কবুতর পোষা, পাখিকে খাবার দেয়া, কাগজ কেটে এটা-সেটা বানানো ইত্যাদি কাজে মজা পেয়ে গেলে শিশু মোবাইল ফোনে উৎসাহ হারিয়ে ফেলবে। তখন সে ওদিকে ফিরে তাকাবে না।

৩. শিশুদের বই পড়া উপভোগ করতে উৎসাহিত করুন। পুরো পরিবারের জন্য প্রতিদিন এক ঘণ্টা করে পড়ার জন্য সময় আলাদা করুন। পড়া শেষ হলে শিশুরা তাদের বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তারা যে বইগুলো পড়েছে তা নিয়ে আলোচনা করতে পারে।

৪. শিশুকে স্মার্টফোন থেকে দূরে রাখার একটি দুর্দান্ত উপায় হলো বাইরে গিয়ে রোদ এবং প্রকৃতি উপভোগ করা। যখনই সম্ভব, আপনার শিশুদের সঙ্গে পার্কে বেড়াতে যান। সম্ভব হলে ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন খেলা উপভোগ করুন। 

৫. শিশুকে শান্ত করতে গিয়ে অনেক বাবা-মা শিশুর হাতে স্মার্টফোন তুলে দেন। অনেক সময় শিশু খেতে না চাইলে মোবাইল ফোনে কার্টুন চালিয়ে খাওয়াতে থাকেন। এতে হয়তো শিশু শান্ত হয় কিংবা খাবারটা খেয়ে নেয়, কিন্তু অন্য ধরনের ক্ষতি হয়ে যায়। তাই শিশুর হাতে মোবাইলফোন তুলে দেয়া একেবারেই উচিত নয়। তার বদলে শিশুকে গল্প শোনাতে শোনাতে খাওয়ান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত