ইয়ামালের জোড়া গোলে বার্সার পাঁচে পাঁচ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

লা লিগার গেল আসরে দুইবার মুখোমুখি লড়াইয়েই বার্সেলোনাকে হারিয়েছিল জিরোনা। তবে এবার কোচ হান্স ফ্লিকের অধিনে বদলে গেছে কাতালান ক্লাবটি। উজ্জীবিত ফুটবলে রবিবার বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে জিরোনাকে।

জোড়া গোল করে বার্সার জয়ে বড় অবদান রেখেছেন লামিন ইয়ামাল। একটি করে গোল করেছেন পেদ্রি ও দানি ওলমো।

প্রতিপক্ষের মাঠে সাত মিনিটের মধ্যে দুই গোল করেন বার্সার ওয়ান্ডার বয় ইয়ামাল। ৩০ মিনিটে গোল কিকে ডি-বক্সে বল পান জিরোনা ডিফেন্ডার লোপেস। তাকে ধিরে এগোতে দেখে দ্রুত ছুটে আসেন ইয়ামাল। তাকে কাটাতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ লোপেস। বল কেড়ে ঠান্ডা মাথায় জাল খুজে নেন ইয়ামাল।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। রাফিনহার ফ্রি কিকে বল ডি-বক্সে লেভার পায়ে লেগে পেয়ে যান ইয়ামাল। বুলেট গতির শটে বল জালে পাঠান। লিগে এবার ইয়ামালের গোল তিনটি, অ্যাসিস্ট চারটি।

৪৭ মিনিটে কুন্দের থ্রু বল থেকে গোল করেন ওলমো। ৫৬ মিনিটে লেভানডফস্কির শট ফিরিয়ে দেন জিরোনা গোলকিপার। ফিরতি বলে তার শট ঠেকান ডিফেন্ডার লোপেস। ৬৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন পেদ্রি।

৮০ মিনিটে এক গোলে ব্যবধান কমায় জিরোনা। ৮৬ মিনিটে ইয়াসের আসপ্রিয়াকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফেরান তোরেস।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। ১১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত