৯ উইকেট নিয়ে দলকে জেতালেন অর্জুন টেন্ডুলকার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

বাবা শচীন টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। ছেলে অর্জুন বল হাতে এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। এবার এবার গোয়ার হয়ে কেএসসিএ ইনভিটেশনাল টুর্নামেন্টে কর্নাটকের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৯ উইকেট। ইনিংস এবং ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তার দল।

বেশির ভাগ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের দিয়ে গড়া কর্নাটক দলটি অভিজ্ঞতায় পিছিয়ে ছিল। তাদের প্রথম ইনিংস থামে মাত্র ১০৩ রানে। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন অর্জুন। জবাবে গোয়া ৪১৩ রানের পাহাড় গড়ে। এরপর দ্বিতীয় ইনিংসেও কর্নাটক ১২১ রানে গুটিয়ে যায়। এই দফায় অর্জুন শিকার করেন ৪৬ রান দিয়ে ৪ উইকেট।

আগামী সপ্তাহে ২৫ বছর বয়স হবে অর্জুনের। এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া পর্যায়ে বিভিন্ন সিনিয়র দলের হয়ে মোট ৪৯টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন তিনি। শুরুতে মুম্বাইয়ের হয়ে খেললেও পরে গোয়ায় চলে যান অর্জুন। গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৩টি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত