ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের অফিসিয়াল স্ট্যাটাস আমাদের জানা নেই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি। মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা অফিশিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন, ‘তিনি এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে…’। আমি অফিশিয়ালি কিছু তাদের বলিনি (শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে)।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ ৪৫ দিন পর শেষ হওয়ার কথা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছে। তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। তারা কাজ শুরু করবে। তাদের কোনো সহায়তার দরকার হলে আমরা সহায়তা দেবো। তাদের কাজে কোনো হস্তক্ষেপ করব না। তারা কোনো পাবলিসিটিও চায় না। এটা হলে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত