বাংলাদেশে আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে মোহাম্মদ হোসেন। আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মো. রফিকুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৯৬ সালের আইন কমিশন আইন অনুযায়ী এ কে মোহাম্মদ হোসেনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস মেয়াদে পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
মোহাম্মদ হোসেন সরকারের সচিবের পদমর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের অংশ হিসেবে এ নিয়োগ দেয়া হয়েছে।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে এসব জায়গায় ছয়জনকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ কে মোহাম্মদ হোসেন অন্তর্বর্তী সরকারের আইন সংস্কার কাজে সহায়তা করবেন। তিনি একজন আইন ও সংসদ রীতি বিষয়ক বিশেষজ্ঞ, যিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আইনি বিষয়ে কাজ করছেন।
আইনজীবী, বিচারক ও আইন প্রণয়ন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করেছেন মোহাম্মদ হোসেন।
তিনি ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ থেকে আইন প্রণয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিবও (ড্রাফটিং) ছিলেন এ কে মোহাম্মদ হোসেন। ২০১১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর সুপ্রিম কোর্টে আইনি পেশায় যুক্ত হন।
এখনো যোগদান করেননি ১৮৭ পুলিশ সদস্য