আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

  • বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়
  • কতক্ষণ লাগবে ঠিক হতে তা জানাতে পারেননি এমআরটি সংশ্লিষ্ট কর্মকর্তারা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মতিঝিল রুটের মেট্রো চলাচল। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চললেও, আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। 

ডিএমটিসিএল তরফে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯ টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ওই পথে বড় একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’ 

এদিকে যাত্রীরা জানান, সামনের মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটির কারণে সকালে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। 

মিরপুর ১১ স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনে একটি মেট্রো দাঁড়িয়ে আছে, সেটিতে ঘোষণা হচ্ছে- সামনের মেট্রোতে কারিগরি ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পরবর্তীতে মেট্রো থেকে যাত্রীদের নেমে যেতে অনুরোধ করা হয়। 

কখন মেট্রো চালু হবে এ বিষয়ে উদগ্রীব হয়ে রয়েছেন যাত্রীরা। অফিস টাইমে মেট্রো আংশিক বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা। অনেকে আবার মেট্রো থেকে নেমে গণপরিবহণে করে গন্তব্যস্থলে ছুটছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত