গুলিবিদ্ধ ফাহিমকে উন্নত চিকিৎসায় ব্যাংকক পাঠাল সরকার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। তার সঙ্গে দুজন অ্যাটেনডেন্টও (বাবা ও মা) গেছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোহাম্মদ জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফাহিম হাসানকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। সঙ্গে যাওয়া অ্যাটেনডেন্টদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন আট লাখ টাকা দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিমান এয়ার লাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী ফাহিমের সঙ্গে যাওয়া দুজন অ্যাটেনডেন্টের বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকেটসহ সাতটি বিমান টিকেট দিয়ে সহায়তা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আব্দুর রশিদ (ভজনপুর, পঞ্চগড়) নামক আরেক দিনমজুরকে চিকিৎসা সহায়তা বাবদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে।

পাশাপাশি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই ছাত্র মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। এ ধরনের আহতদের সনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষ্যে তাদেরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। যে সকল ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে বলেও জানানো হয়েছে।

ফাহিম থাইল্যান্ডের হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেন- সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া এমন একটি ছবি পাঠিয়েছেন তথ্য কর্মকর্তা। সেখানে তারেকুল ইসলাম নামে একজন ফাহিমের ফিজিওথেরাপি নেওয়া অবস্থার একটি ভিডিও পোস্ট করে বলেছেন- থাইল্যান্ডের ভেজথানি হসপিটালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফাহিমের থেরাপি চলছে। ফাহিমকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সরকারি ব্যবস্থাপনায় ব্যাংককে পাঠানো হয়। আল্লাহ আমাদের মাঝে সুস্থ ফাহিমকে দ্রুত ফিরিয়ে আনুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত