ইরান কি নেতানিয়াহুকে হত্যা করতে চায়?

  • নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযাগে ইসরায়েলি গ্রেপ্তার
  • ইরানে দ্বিতীয় বৈঠকে অভিযুক্ত এক মিলিয়ন ডলার চেয়েছিলেন
  • ইরানে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ইতিহাস সুদীর্ঘ
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে এক নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এ পরিকল্পনার পেছনে ইরান সমর্থিত একটি গুপ্তহত্যার ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি একজন ব্যবসায়ী। তুরস্কের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার জন্য আলোচনা করতে ইরানে দুটি বৈঠক করেন। 

গোয়েন্দা সংস্থা শিন বেট ও ইসরায়েলি পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়, গত মাসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সপ্তাহে শিন বেট জানায়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ সাবেক ইসরায়েলি সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল হানিয়া

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের বিরুদ্ধে গত জুলাই মাসে তেহরানের রাষ্ট্রীয় অতিথিশালায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার অভিযোগ রয়েছে।

শিন বেটের দাবি, ইসরায়েলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সন্ত্রাসী মিশন পরিচালনার চেষ্টা করছে ইরান। এজন্য ইসরায়েলি বিশেষ করে অপরাধের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে তেহরান। শিন বেট গ্রেপ্তার হওয়া ইসরায়েলি নাগরিকের পরিচয় প্রকাশ করেনি। তবে গত এপ্রিলে অভিযুক্ত ইরানে বসবাসরত একজন ধনী ব্যবসায়ীর সাথে দেখা করতে সম্মত হয়েছিলেন বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, আদি নামের ওই ধনী ব্যবসায়ী ইরান ছাড়তে পারবেন না বলে প্রতিনিধিরা জানান। এরপর অভিযুক্ত ইসরায়েলি নাগরিককে পূর্ব তুরস্ক থেকে ইরানে নেওয়া হয়। সেখানে তিনি আদি ও অন্যদের সঙ্গে দেখা করেন।

গোয়েন্দা সংস্থার দাবি, ইরান তাকে দেশটির জন্য অর্থ বা বন্দুক স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল। এছাড়া জনাকীর্ণ স্থানের ছবি তোলা ও ইরানের পক্ষে কাজ করা অন্য ইসরায়েলি বেসামরিক যারা মিশন পরিচালনা করেনি তাদের হুমকি দেওয়ার কথা বলেছে।

অভিযুক্ত গত আগস্টে একটি ট্রাকে দ্বিতীয়বারের মতো ইরানে যান। সে সময় ইরানি কর্মকর্তারা তাকে তেহরানের হয়ে সন্ত্রাসী হামলা চালাতে বলেন এবং নেতানিয়াহু, গ্যালান্ট অথবা শিন বেটের প্রধানকে হত্যার পাশাপাশি অন্য অভিযান চালানোর প্রস্তাব দেন।

এ সময় ইসরায়েলি নাগরিক তাদের কাছে এক মিলিয়ন ডলার চেয়েছিল। কিন্তু ইরানি কর্মকর্তারা অনুরোধটি প্রত্যাখ্যান করেন। তাকে বলা হয় তারা যোগাযোগ রাখবেন। বৈঠকে যোগ দেওয়ায় তাকে ৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত