দেবিদ্বারে ১১ শহীদ পরিবারের খোঁজ নিলেন সমন্বয়ক হাসনাত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১ জনের বাড়িতে গেছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অনানুষ্ঠানিকভাবে আন্দোলনে নিহত মোট ১১ জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়ক হাসনাত।

এদিন সকাল ১০টার দিকে তিনি উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিহত কাদির হোসেন সোহাগের বাড়িতে যান। সেখানে সোহাগের মা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরে গত ২০ জুলাই নারায়ণগঞ্জের চিটাগং রোডে পুলিশের গুলিতে নিহত ১০ বছরের শিশু মো. হোসাইনের গ্রামের বাড়ি উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতুয়া গ্রামে গিয়ে তার কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

বিকেলে দেবিদ্বার সদরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়ার বাড়িতে যান। সেখানে নিহত রুবেলের নবজাতক সন্তানকে কোলে তুলে নেন। নিহত রুবেলের মা ও স্ত্রীকে সান্ত্বনা দেন হাসনাত। এভাবে একে একে নিহত সবার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বারে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির জারিফ সিক্ত, শরীফ আল বান্না, সাজেদুল রাসেদ রাফসান, সিয়াম ইসলাম ও ডা. আল আমিন প্রমুখ। তবে এ সময় সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি হাসনাত।

হাসনাত দেবিদ্বার উপজেলার গোপলানগর এলাকার বাসিন্দা। আগামীকাল শুক্রবারও দেবিদ্বারে কর্মসূচি রয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত