৪০০ উইকেটের মাইলফলকে বুমরা, মোস্তাফিজের অবস্থান কোথায়?

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম

দুজনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল কাছাকাছি সময়েই। তবে মোস্তাফিজুর রহমানের ৮ মাস পর আন্তর্জাতিক অভিষেক হওয়া জাসপ্রিত বুমরা পৌঁছে গেলেন ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে। চেন্নাইয়ে চলমান সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বুমরার। ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে পৌঁছতে ৩০ বছর বয়সী বুমরার লেগেছে ১৯৬ ম্যাচ ও ২২৭ ইনিংস। ভারতের দশম বোলার এবং ষষ্ঠ পেসার হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। ভারতীয় পেসারদের মধ্যে সবার আগে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে পৌঁছান ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত টেস্টে ১৫৯, ওয়ানডেতে ১৪৯ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৯টি উইকেট নিয়েছেন বুমরা। টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার। তার ইকোনমি রেট ৩.৭৯ ও বোলিং গড় ২১.০১। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট নিয়েছেন—এমন পেসারদের মধ্যে বুমরার বোলিং গড় এখন দ্বিতীয় সেরা। ২০.২০ গড় নিয়ে সবার ওপরে জোয়েল গার্নার।

অন্যদিকে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মোস্তাফিজের। তবে শুরুর দাপট আর ধরে রাখতে পারেননি বাংলাদেশের ‘কাটার মাস্টার’। তার আন্তর্জাতিক উইকেটসংখ্যা ৩২৩টি। অনেকদিন ধরে টেস্ট না খেলা মোস্তাফিজ এই ফরম্যাটে নিয়েছেন ৩১ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১৬৪ আর টি-টোয়েন্টিতে ১২৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত