রাজধানীতে দু’পক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে নাসির বিশ্বাস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু মো. শাওন আহমেদ জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলেন। এসময় নাসির এসে বলে তাকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নামিয়ে দিতে। সাদেক খান কৃষিমার্কেট এলাকা দিয়ে যাওয়ার সময় মারামারি হচ্ছে দেখতে পান। তখন সেখান থেকে এক যুবক এসে নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তখন নাসির মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেন। কিছু যুবক তার পিছু নিয়ে কবরস্থানের এক নম্বর গেটের পাশে আবারও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

শাওন আরও জানান, আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল। তবে নাসিরকে কেন মারলো সে বিষয়ে কিছু জানা নেই তার।

নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে। বর্তমানে নাসির হাজারীবাগ রায়েরবাজার বাড়ৈইখালী ১২ নম্বর রোডে থাকতেন। সন্ধ্যার দিকে নাসির বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। পরে জানতে পারি কে বা কারা নাসিরকে কুপিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। এতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মুন্না (২৩) নামে আরও একজন মারা গেছে। মুন্নার নামে একাধিক মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত