গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন তানজিন তিশা। সদ্যই উন্মুক্ত হয়েছে নাটক ‘বিউটি কুইন’, যেখানে তাকে গেছে রূপসজ্জাকারীর ভূমিকায়। প্রচারের পর নাটকটি থেকে দর্শকের প্রশংসা পাচ্ছেন তিনি।
তানজিন তিশার কথায়, ‘অসংখ্য নাটকে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা কুড়িয়েছি অনেক। তারপরও আত্মতৃপ্তির অভাব বোধ করেছি সব সময়। মনে হয়েছে, পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে হলে সেসব মানুষের গল্পই পর্দায় তুলে ধরা উচিত, যাদের আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু তাদের জীবনের গল্পটা পুরোপুরি জানা হয়ে ওঠেনি। সে কারণেই কয়েক বছর ধরে অভিনয়ের মধ্য দিয়ে নতুন সব চরিত্র পর্দায় তুলে আনার চেষ্টা করছি। একই ভাবনা নিয়ে এবার ‘বিউটি কুইন’ নাটকের পার্লারকর্মীর চরিত্রে অভিনয়। এ নাটকে নারীর বেঁচে থাকার পেছনের গল্প এমনভাবে তুলে ধরা হয়েছে, যেখানে দর্শকরা পরিচিত মুখ ও চেনা জীবনের ছায়া খুঁজে পাবেন। নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও আমাদের ধারণা।’
একটি বিউটি পার্লারে কাজ করা এক তরুণীর যাপিত জীবনকে ঘিরেই নাটকের গল্প। প্রীতি দত্তের পরিচালনায় এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়াও রয়েছেন তুতিয়া ইয়াসমিন, সানজিদ লতা, শশী আফরোজা, সাইমন, রিম, মামুন, বাপ্পি প্রমুখ।
