মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। দুই দশক ধরে ফিলিস্তিনে আগ্রাসনের কারণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হিজবুল্লাহ। তবে গত ১৬ সেপ্টেম্বর লেবাননে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে একযোগে হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় দুপক্ষের তিক্ততা চরমে পৌঁছায়। এর জেরে গতকাল রবিবার ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি বিমানঘাঁটিতে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সেই হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ৪০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুপক্ষের এসব পাল্টাপাল্টি হামলায় বেসামরিকদের জীবন যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি বাড়ছে রাজনৈতিক অস্থিরতা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে অনেকগুলো ইসরায়েলের গভীরে আঘাত হানে। হিজবুল্লাহর দাবি, তারা হাইফা শহরের কাছে ইসরায়েলের সীমানার ৫০ কিলোমিটার ভেতরে রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রোজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়। এরপর লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রোজেক্টাইল ছোড়া হয়। এসব হামলায় ইসরায়েলে উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্ধ ঘোষণা করা হয় উত্তরাঞ্চলের সব স্কুল। হাইফার হাসপাতালগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি গুরুতর অসুস্থদের পাতাল চেম্বারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

এর জবাবে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত ১১০টি ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে শনিবার সশস্ত্র গোষ্ঠীটির অন্তত ২৯০টি স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, তারা প্রায় ১৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এক হাজারের বেশি রকেট উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করেছে। চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করার কথা জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। তবে দুপক্ষের ক্রমবর্ধমান সংঘাত এই অঞ্চল আরেকটি যুদ্ধের শুরু করবে বলে সতর্ক করেছেন লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস। তিনি বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আক্রমণ না থামলে সেটি মধ্যপ্রাচ্যের জন্য আরেকটি ‘অবশ্যম্ভাবী বিপর্যয়’ সৃষ্টি করবে। ইসরায়েলের হামলার জেরে সাধারণ পরিষদে যোগ দেওয়া উপলক্ষে নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনায় ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ইসরায়েলের এই আগ্রাসনের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের অস্ত্রসহ নানা ধরনের সহযোগিতার কারণেই তেল আবিব ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।  এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার গাজা উপত্যকা ও পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২২ জন নিহত হয়েছে। আল-শাতি অঞ্চলে শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত কাফর কাসিম স্কুলে হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়। শরণার্থীশিবিরটিতে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। সেই সঙ্গে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের কারণে গাজা উপত্যকার হাসপাতালগুলো ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভুগছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে হাসপাতালগুলো বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। গতকাল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় আলজাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর কার্যালয়টি ৪৫ দিনের জন্য বন্ধের সামরিক আদেশ দেওয়া হয়। এ সময় কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির কর্মীদের অফিস থেকে জোরপূর্বক বের করে দেয় ইসরায়েলি সেনারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত