তিন সপ্তাহে এলো ১৯ হাজার ৬১১ কোটি টাকার রেমিট্যান্স

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ এএম

প্রবাসী আয়ে অনেকটা গত আগস্ট মাসের ধারাবাহিকতায় রয়েছে সেপ্টেম্বরেও। চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৩ কোটি ৪২ লাখ (১ দশমিক ৬৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৬১১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়েও প্রায় ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার আর ২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। এই হারে রেমিট্যান্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আন্দোলনের কারণে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এরপর আগস্টে রেমিট্যান্সের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২২২ কোটি মার্কিন ডলারে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত