আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক এই সড়ক অবরোধ করেন। এর আগে রবিবার থেকে মজুরি বৃদ্ধির দাবিতে নতুন অসন্তোষ শুরু হয়েছে শিল্পাঞ্চলটিতে।

শিল্প পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করেন। এছাড়া সড়কের দুই পাশের বেশিরভাগ কারখানার উৎপাদন আজ বন্ধ রয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অনেক কারখানায় যখন টিফিন বিল, নাইট বিল, হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে আন্দোলন চলছিল তখন আমাদের কোনো দাবি ছিল না। অন্য কারখানার শ্রমিকরা এসে আমাদের ফ্যাক্টরিতে ঝামেলা করার চেষ্টা করলেও আমরা কাজ করেছি। তারপরও আমাদের মালিক কেন এখন কারখানা বন্ধ করে রাখছে? গত দুই মাস ধরে আমাদের বেতন পরিশোধ না করায় আমরা বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারিনি।

আমরা পেটের দায়ে কারখানায় কাজ করতে এসেছি। সময়মতো বেতন না পাওয়ায় প্রায় ৫-৬ হাজার শ্রমিক চরম অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছি। এর আগে প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। তাই আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করছি। এখন প্রশাসনের লোক এসে বলছে আমরা সড়ক ছেড়ে না দিলে তারা কঠোর হতে বাধ্য হবে। তাহলে আমরা এখন যাব কোথায়?’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে নরসিংহপুর এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এদিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কারখানায় অসন্তোষের জেরে রোববার অন্তত ১৯টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আজ সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশের অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আজ কতগুলো গার্মেন্টস বন্ধ আছে এর সঠিক তথ্য এখনও আসেনি। তালিকা পেলে জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত