কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানের সময় তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল।
এ সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তার বয়স ২৩ বছর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে ডাকাতবিরোধী অভিযান পরিচালনাকালে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তক্ষরণে মারা যান এই কর্মকর্তা।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথবাহিনীর অভিযান আরো জোরদার করার আহবান জানান নেতৃবৃন্দ। সেই সাথে তারা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তারা শহীদ সেনা কর্মকর্তার রুহের মাগফেরাত কামনা করেন।
