রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে মধু ভান্ডারী নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ করা হয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কাশিয়াপুর গ্রামে। বর্তমানে সাত তলা বস্তিতেই থাকতেন।
নিহতের শ্যালক মো. কালাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাততলা বস্তির পুলিশ ফাঁড়ি সামনে রাস্তায় রুবেল নামে এক ব্যক্তি মধু ভান্ডারীকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাস্তায় পড়ে যান তিনি। পরবর্তীতে বস্তির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। তবে কি দ্বন্দ্বে মধু ভান্ডারীকে মারধর করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।
