ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস এখন শুধু লাল বলের ক্রিকেটই খেলে থাকেন। সীমিত ওভারের ক্রিকেটে তার পথচলা থেমেছে আরও আগেই। তবে সাদা বলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম যদি চান, তাহলে আবারও এই দুই ফরম্যাটে ফিরতে রাজি আছেন বিশ্বকাপজয়ী এই অল-রাউন্ডার।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দলকে শিরোপা জেতানোর পর এই ফরম্যাটে আর দেখা যায়নি স্টোকসকে। ওই বছর তিনি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। কিন্তু ২০২৩ বিশ্বকাপের দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরে আসেন। কিন্তু বিশ্বকাপে ইংল্যান্ডের পারফর্মেন্স ছিল করুণ। স্টোকস শেষ দুই ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছিলেন।
এরপর থেকে স্টোকসকে আর ওয়ানডেতেও দেখা যায়নি। সম্প্রতি ইংল্যান্ডের নির্বাচক সাবেক অলরাউন্ডার লুক রাইট বলেছেন, বেন স্টোকস ও জো রুটকে তারা সীমিত ওভারের ক্রিকেটে পেতে চান। গতকাল মঙ্গলবার স্কাই স্পোর্টসে আলোচনায় আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি স্টোকস।
তিনি বলেছেন, ‘যদি কোনো ফোনকল পাই এবং বাজ (ম্যাককালাম) বলেন যে, “তুমি কি আবার ফিরতে ও খেলতে চাও?”, তাহলে অবশ্যই, অবশ্যই বলব “হ্যাঁ।” তবে যদি ডাক না পাই, তাহলেও হতাশ হব না। কারণ আমাকে ফিরতে না বলা মানে, দলের অন্যরা খুব ভালো করছে। আমি তখন বসে বসে উপভোগ করতে পারব যে অন্যরা মাঠে নামে সব গুঁড়িয়ে দেবে।’
৩৩ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে অনেক খেলেছি। তা নিয়ে আমি খুবই খুশি ও এই সংস্করণে যা কিছু অর্জন করেছি, তাতে সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সাদা বলে ফেরা) এখনও পর্যন্ত কোনো আলোচনা আমাদের হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’
১৪ ম্যাচ আর ৩৪৮ দিন পর হারল অস্ট্রেলিয়া
টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি