বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন তাবিউর রহমান 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. তাবিউর রহমান প্রধান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত আগস্টে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদ। এর আগে গত ১০ মার্চের পর প্রায় আড়াই মাস পদটি শূন্য ছিল।

শিক্ষার্থীরা জানায়, বিভাগীয় প্রধান না থাকার ফলে বিভাগের ক্লাস,পরীক্ষা, রেজাল্টসহ অন্যান্য কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়মানুযায়ী যার হওয়ার কথা তাকে না দিয়ে সাবেক উপাচার্য বিভাগের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করেন। নবনিযুক্ত উপাচার্য নিজ উদ্যোগে কয়েক দফায় বিভাগের সকল শিক্ষককে নিয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেন।

দায়িত্ব পাওয়া বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা সবসময়ই বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার চেষ্টা করি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত