বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনশি এলাকার বাসিন্দা আরব আলী খানের ছেলে জয় (১৬) এবং একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)।
জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল, আর সাইমুন ছিলেন মুজাহিদিয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে দুই বন্ধু ভাড়া করা মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তারা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী এলাকায় এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই বন্ধু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
‘জাহান্নামে বাস করছি’ রাখাইনে ক্ষুধায় কাতর ৫০ হাজার মানুষ
দুই কিশোরীকে থানায় নিয়ে নির্যাতন, পুলিশ সদস্য রিমান্ডে