গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে যুবককে হাত-পা বেঁধে ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর সকালে গাজীপুর ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় এলাকায় ওই যুবক নির্যাতনের শিকার হন। এ ঘটনায় দু’দিন পর তার বাবা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
নিহত যুবকের নাম ইসরাফিল আলম (২৪)। তিনি উপজেলার বাঁশাড়ি গ্রামের কৃষক নাসির উদ্দীনের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন- বাঁশবাড়ি গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে কামরুল ইসলাম লিটন, মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মন্ডল ও মৃত টেপাপাঞ্জুর ছেলে শরীফুল ইসলাম। তাদের মধ্যে কামরুল ইসলাম লিটন গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
লিখিত অভিযোগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে অভিযুক্তরা ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে শৈলাট মেডিকেল মোড় স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে মেডিকেল মোড় জামে মসজিদের মাইক চালানোর ব্যাটারি চুরির অভিযোগ তোলা হয়।
ইসরাফিল অভিযোগ অস্বীকার করলে তাকে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। পরে পাশের একটি চা দোকান থেকে গরম পানি এনে শরীরে ঢেলে দেওয়া হয়। খবর পেয়ে ছেলেকে উদ্ধারে ঘটনাস্থলে গেলে ইসরাফিলের বাবাকেও মারধর করা হয়। এসময় বাবা নাসির উদ্দীনের কাছে সাদা কাগজে স্বাক্ষর রেখে ইসরাফিলকে ছেড়ে দেয় অভিযুক্তরা, যেন কোনো অভিযোগ না করতে পারেন।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৩ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে ইসরাফিল মারা যান।
নিহতের বাবা নাসির উদ্দীন বলেন ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমার ছেলেকে মারধর ও গরম পানি ঢেলে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ইসরাফিল চুরির সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ না পাওয়া গেলেও তাকে বেদম মারধর করা হয়। কামরুল ইসলাম লিটনের নেতৃত্বেই মারধর ও গরম পানি ঢেলে দেওয়া হয়।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।
ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে
চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫
রাস্তা থেকে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার