আর্তেতা সিটির সব জানেন, পরিষ্কার জবাব চাইলেন গার্দিওলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

একটা সময় একই ডাগআউটে ছিলেন পেপ গার্দিওলা ও মিকেল আর্তেতা। ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে আর্তেতার। তাদের মধ্যে ছিল ভালো বন্ধুত্বও। কিন্তু আর্তেতার এক মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করছেন গার্দিওলা।

আর্সেনাল কোচের কাছে সুনির্দিষ্ট ব্যাখার দাবিও তুলছেন ম্যানচেস্টার সিটির কোচ। আর্তেতা অবশ্য বলছেন, এসব বিষয় প্রভাব ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গেল রবিবার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা আর্সেনাল প্রায় জয়ের দুয়ারে, কিন্তু শেষ সময়ে গোল করে ম্যাচ ড্র করে ম্যানচেস্টার সিটি। ম্যাচে মাঠের খেলোয়াড়দের লড়াই করতে দেখা গেছে বেশ কয়েকবার। ম্যাচ শেষেও তর্ক ও বিবাদে জড়িয়েছেন। ম্যাচ জেতার জন্য আর্সেনালের কৌশলকে 'চতুর বা নোংরা' বলেন সিটিকে পয়েন্ট এনে দেওয়ার নায়ক জন স্টোনস।

সিটির কোচ গার্দিওলাও বলেন, আর্সেনাল বাজে কৌশল নিতে পারে ভেবেই দলকে প্রস্তুত করেছেন তিনি। এসবের প্রেক্ষিতে আর্তেতা বলেছেন, 'আমি সেখানে (ম্যানসিটিতে) ছিলাম চার বছর। আমার কাছে সব তথ্যই আছে, বিশ্বাস করুন…।'

আর্সেনালের দায়িত্ব নেওয়ার আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত সিটিতে গার্দিওলার সহকারী ছিলেন আর্তেতা। আর্তেতার সেই মন্তব্যে গার্দিওলা বলেন, 'সে (আর্তেতা) এমনটি বলেছে? পরেরবার তার আরও পরিষ্কার করে বলা উচিত, সুনির্দিষ্ট করে কী বোঝাতে চায় সে। সে বলেছে যে, এখানে চার বছর ছিল এবং এখানে কী হয়েছে, সব জানে। তাহলে এটা ১১৫টি অভিযোগ (আর্থিক অনিয়মের) সম্পর্কিত হতে পারে, হয়তো সে এরকমই বোঝাতে চাইছে। সে হয়তো এগুলো সম্পর্কে কিছু জানে।'

গার্দিওলা আরও বলেন, ‘সে (আর্তেতা) এখানে ছিল এবং এখানে কী হয়, সব জানি’, এটা বলে সে ঠিক কী বোঝাতে চাইছে, এটা তার পরিষ্কার করা উচিত।'

তবে গার্দিওলার এমন মন্তব্যের পাল্টা উত্তরে আর্তেতা বলছেন, পেশাদার জগতে এসব ঘটনাকে স্বাভাবিক ধরে নিয়েই সামনে তাকাচ্ছেন আর্সেনাল কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত