কানপুর টেস্টের তৃতীয় দিনে কি খেলা হবে?

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

বৃষ্টির কারণে আজ শনিবার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের পুরো খেলা ভেস্তে গেছে। একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের আরও তিন দিন বাকি। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, আগামীকাল রবিবার তৃতীয় দিনের খেলা কি আদৌ মাঠে গড়াবে?

প্রথম দুই দিন বৃষ্টি হানা দেওয়ায় তৃতীয় দিনের খেলা আধঘণ্টা আগে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরুর ঘোষণা এসেছে। কিন্তু আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’ বলছে, আগামীকাল সকাল থেকেই কানপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে।

এর আগে গতকাল শুক্রবার ম্যাচের প্রথম দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। ওই সময়টুকুতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল হক, আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের মধ্যে মুশফিক ১৩ বলে ৬ এবং মুমিনুল ৮১ বলে ৭ চারে ৪০ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত