আশুলিয়ায় আজও বন্ধ ৪১ পোশাক কারখানা

  • মামলা প্রত্যাহারের দাবি শ্রমিকদের
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লুসাকা কারখানার প্রমিকরা। পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেয়। এ কারণে শনিবারও শিল্পাঞ্চলে ৪১ কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ জানায়, সকালে লুসাকা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুর পর জিরাবো এলাকার মন্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও সড়কে নেমে এসে আন্দোলন শুরু করে। মন্ডল গ্রুপের শ্রমিকরা গত কয়েকদিন ধরে নূন্যতম মজুরি ২২ হাজার টাকার দাবিতে আন্দোলন করছিল। শনিবার এদের সাথে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যুক্ত হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

লুসাকা গ্রুপের শ্রমিকরা জানায়, গত ৯ সেপ্টেম্বর মালিকপক্ষ কারখানার ২৭ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। পরে শ্রমিকরা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করলে গত বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার পর মালিকপক্ষ মামলা প্রত্যাহার করে আমাদের হাতে কপি দেবে বললেও আর তা দেয়নি। সকালে কারখানায় এসে দেখি মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে এনে শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের আন্দোলনের ফলে আশুলিয়ার মোট ৪১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে এবং বাকিগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত