এবার হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ এএম

লেবাননের বৈরুতে একটি বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত ওই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন। সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে তাকে হত্যার দাবি করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।

ইসরায়েল সম্প্রতি লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে, কয়েকশ বেসামরিক লোককে হত্যা করেছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত করেছে। এদিকে গত শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকেও হত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত