চলমান কানপুর টেস্টের পর হয়তো সাকিব আল হাসানকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। টি-টোয়েন্টি আগেই শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ বহু দূরের ব্যাপার। তাই দেশে ফেরার নিরাপত্তা না পেলে এটাই তার শেষ টেস্ট। চেন্নাইয়ে প্রথম টেস্টে তাকে রাবার স্ট্র্যাপ দাঁত দিয়ে টেনে ব্যাটিং করতে দেখা গেছে। এবার এই ব্যাপারে মুখ খুললেন এবিডি ভিলিয়ার্স।
চোখের সমস্যার কারণে অনেকদিন ধরেই সাকিবের হেড পজিশন ঠিক রাখতে সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানে তাকে রাবার স্ট্র্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা যায়। সাকিবের এই সমস্যাটি গভীরভাবে বুঝতে পারছেন ডি ভিলিয়ার্স। কারণ, তিনি নিজেও ক্যারিয়ারজুড়ে হেড পজিশন নিয়ে ভুগেছেন। সম্প্রতি এক ভিডিওতে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটার।
তিনি বলেন, ‘সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। আমি আসলে এটার সাথে নিজের অবস্থাটা রিলেট করতে পারছি। সে বলেছে, এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষ দিকে এসে ভুগিয়েছে। আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ারজুড়েই, এমনকি চোখের সমস্যার আগেও, শুধুমাত্র একটি জায়গা বাদে।’
এবি আরও বলেন, ‘সেই বিষয়টা হলো, আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে। যেন এখানে সঠিকভাবে কাজটা করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি। যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে।’
সাকিবের ‘শূন্যস্থানে’ মিরাজ, ফিরছেন ইমন
কোহলিকে দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি ১৫ বছরের কিশোরের
রসিক পান্তের টার্গেট যখন ‘নিরীহ’ মুমিনুল