পরশুরাম

ধানক্ষেতে ইঁদুর-পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

ফেনীর পরশুরাম উপজেলায় আমন ধানের চারা রোপণের এক মাসের মাথায় পরপর তিনটি বন্যা হয়েছে। প্রথম দুটি থেকে রক্ষা পেলেও শেষ বন্যা হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। তবে বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার শুরু হয়েছে ধানের জমিতে ইঁদুর, পোকা এবং পচা রোগের আক্রমণ।

কীটনাশক প্রয়োগের পরও পোকা দমন এবং পচা রোগের আক্রমণ রোধ না হওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কিত কৃষকরা। এতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।

পরশুরাম বাজারের দক্ষিণ পাশে কোলাপাড়া গ্রামের কৃষক মোস্তফা জানান, একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত, আবার এটি পুষিয়ে না উঠতেই শুরু হয়েছে ইঁদুর, পোকা এবং পচা রোগের আক্রমণ। 

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে কীটনাশকের কার্যকারিতা নষ্ট হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অন্যদিকে ইঁদুর ধানের গোড়া থেকে শীষ কেটে দেওয়ায় একবারে ধ্বংস হয়ে যাচ্ছে ধানের গাছের গোছা।

পরশুরাম উপজেলা কৃষি বিভাগ বলছে, ইঁদুর দমনের জন্য গুইসাপ এবং বেজি কাজ করে থাকে। যাতে স্থানীয় কৃষকরা তাদের না মারে সে জন্য পরামর্শ দিতে উপসহকারীরা মাঠে কাজ করছে। 

উপজেলা কৃষি সস্প্রসারণ সূত্রে জানা যায়, চলতি বছরে এবার উপজেলায় ৪ হাজার ৯৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উপজেলার নরনীয় মুন্সীরখীল, গুথুমা, কেতরাঙা কোলাপাড়া এলাকায় ফসলি মাঠ ঘুরে দেখা যায়, আমন গাছের বেশিরভাগই থোড় হয়েছে। কিন্তু কিছু কিছু ধান গাছ থেকে শীষ বের হচ্ছে। 

পরশুরাম উপজেলা কৃষি অফিসার সিফাত হাসান জানান, আমাদের পক্ষ থেকে কৃষি উপসহকারীরা মাঠে প্রান্তিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও উঠান বৈঠক করা হবে। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত