বাবাকে ঠিকাদারি কাজ দেওয়ায় উপজেলা প্রকৌশলীকে শোকজ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ এএম

বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫১ লাখ টাকার কাজ দিয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক প্রকৌশলী। গত ১০ সেপ্টেম্বর তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

ওই প্রকৌশলীর নাম সৈয়দ মেহেদী হাসান। তিনি এলজিইডির কুমিল্লার বরুড়া উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রকৌশলী থাকাকালীন বাবার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইঞ্জিনিয়ারিং সলিউশনকে শাহরাস্তি উপজেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫১ লাখ ৭৩ হাজার ৩৭৩ টাকার কার্যাদেশ দেন মেহেদী হাসান। যা সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের সামিল। এজন্য আপনাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা অন্য কোনও উপযুক্ত দণ্ড দেওয়া হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

এই বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে আমি কোন মন্তব্য করব না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, ‘আমি বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম মাত্র। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

এলজিইডির কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমরা তার শোকজের বিষয়ে জানি না। আমাদের জানাননি তিনি। হয়তো তার বরাবর গেছে। একজন সরকারি কর্মকর্তা কীভাবে বাবাকে কাজ দেন, বুঝি না। এটি অনিয়ম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত