শরীয়তপুরের ডামুড্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাসেল সরদার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ডামুড্যা থানায় নিহতের বড় ভাই ওয়াসিম সরদার বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার এড়িকাঠি এলাকার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর (৫৩), সাইফুল মাদবর (৩২), পারভেজ ফকির (৩৫), বাচ্চু ফকির (৪৯), লিটন মাদবর (৫২), কানাইকাঠি এলাকার দেলোয়ার ছৈয়াল (৫০), মনির ফকির (৩৫), মালগাঁও এলাকার নিজান মাদবর (৩৯)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে ইসলামপুর ইউনিয়নের এড়িকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে রাসেল সরদারের সঙ্গে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙাব্রিজ এলাকায় সেলুনে চুল দাড়ি কাটাতে গেলে পরিকল্পনা করে সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নেতৃত্বে সাইফুল মাদবরসহ ১০-১২ জন হঠাৎ করে রাসেল সরদারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাতপায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার পর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিহতর পরিবার ও স্থানীয় লোকজন এড়িকাঠি এলাকায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ করেন।
এ সময় নিহতর বড় ভাই ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওয়াসিম সরদার বলেন, আমার ভাই রাসেল সরদার কোনো রাজনীতিতে যুক্ত ছিলনা। তার কোন পদ নেই। অনেকেই মিডিয়ায় লিখেছে তিনি যুবলীগ কর্মী ও নেতা ছিলেন, এটা মিথ্যা কথা। তিনি একজন মাছ ব্যবসায়ী। পরিকল্পিতভাবে আমার ভাই রাসেলকে কুপিয়ে হাতপায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।
এদিকে, ঘটনার পরে মামলার আসামি সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরসহ সকল আসামি পালিয়ে বেড়াচ্ছেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছে নিহতর বড় ভাই ওয়াসিম সরদার। আমরা আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি।
