জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা পাকিস্তানের

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম

জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডা. জাকির নায়েক এক মাসের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। এ সময়ে করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি। তাকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাসের সফরে জাকির নায়েকের ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার এ সফরে এসেছেন। তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতা-উর-রহমানসহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত তিন দশকের মধ্যে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। শেষবারের মতো তিনি ১৯৯২ সালে ভারতে ফিরে আসার আগে লাহোরে ধর্মীয় পণ্ডিত ডা. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ধর্মপ্রচারক।

আগামী ৫ অক্টোবর করাচি থেকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্মপ্রচারক। প্রকাশ্য অনুষ্ঠানের পাশাপাশি তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন জনসংযোগে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, কারণ তার এ সফর ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন এবং তার মাসব্যাপী অবস্থানকালে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত