মানিকগঞ্জের সিংগাইরে যৌথবাহিনীর হাতে নগদ এক কোটি টাকাসহ কাউন্সিলরের ছেলে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে যৌথবাহিনীর চেকপোস্ট চলাকালীন হেমায়েতপুর—সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার ভর্তি এক কোটি টাকাসহ সোলায়মানকে আটক করা হয়। ওই টাকা জব্দ দেখিয়ে পরদিন তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেপ্তারকৃত সেলায়মান সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে। তার বাড়ি পৌর এলাকার গোবিন্দল মহল্লায়।
সিংগাইর থানার এসআই আলী আজম বলেন, সোলায়মান আটক হওয়ার পর চেকপোস্টে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের ভাটার ইট বিক্রি ও দাদনের টাকা দারি করলেও তাৎক্ষণিক কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দকৃত টাকা আইনি প্রক্রিয়ায় ফেরত পাবেন বলেও জানান তিনি।
