বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বরং যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে।’
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে। দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা
সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার