প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট নাহিদার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪০ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁ-হাতি লেগ স্পিনার নাহিদা আক্তার। গতকাল সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে দশ বছর পর জয়ের দেখা পায় টাইগ্রেসরা। ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে গিয়ে স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।

গতকাল বাংলাদেশের স্মরণীয় জয়ের ম্যাচে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন নাহিদা। নিজের প্রথম ৩ ওভারে ১৪ রানে উইকেটশূন্য ছিলেন। ইনিংসের ১৯ ও নিজের চতুর্থ ওভারে স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজারকে ২ রানে আউট করে ৮৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি শততম উইকেট শিকার করেন।

মাত্র ১৫ বছর বয়সে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাহিদার। এরপর বল হাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন তিনি। ৪১ ম্যাচে ৫০ ও ৮৮ ম্যাচে এসে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছে। ৮৭ ইনিংসে তার বোলিং গড় ১৬.৮২ ও ইকোনমি ৫.৭১। ইনিংসে দুই বার ৫ উইকেট নিয়েছেন ২০২২ সালে কেনিয়া এবং ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত