এয়ারগানসহ যুবলীগ নেতা আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে বিদেশি এয়ার গান‌ ও বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ মোতাব্বির হোসেন জনি (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলার ময়নামতি ইউপির সুন্দুরিয়া গ্রামের আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা। ওই যুবলীগ নেতার বাড়িও একই গ্রামে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। 

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জনিকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, ৩টি ছুড়ি, ৫টি স্টিক ও নগদ সাড়ে ৪ লাখ  টাকা উদ্ধার করা হয়। মোতাব্বির হোসেন জনি- ফারজানা ট্রান্সপোর্টের মালিক। পরে জনিকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, মোতাব্বির হোসেন জনি আকটের পর তার কাছ থেকে বিদেশী অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। 

উল্লেখ্য, গত ৪-৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সকল অস্ত্রধারীকে আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত