লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলমের বিরুদ্ধে। গুদাম থেকে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার চাল সরিয়েছেন এই কর্মকর্তা। চাল সরানোর খবর পেয়ে অভিযান চালায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে ৩০ টন চাল উদ্ধার করা হয়।
অভিযানের পর থেকে নিরুদ্দেশ হয়েছেন কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদামের ওই কর্মকর্তা। ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের একটি সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের খাদ্যগুদাম কর্মকর্তা খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) ফেরদৌস আলম গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ২৫টি ট্রলিযোগে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসাবে গরমিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করা হয়।
আত্মসাৎ করা চাল উদ্ধারে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম। শুক্রবার (৪ অক্টোবর উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন ওজনের ৬’শ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই গুদাম মালিক একরামুলকে এ সময় পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বলেন, কালীগঞ্জের ভোটমারী সরকারী খাদ্য গোডাউনের পরিদর্শক ফেরদৌস আলম গোপনে গোডাউন থেকে ২ কোটি ৩৮ লাখ টাকার চাউল সরিয়ে নিয়েছেন। চাল খোয়া যাওয়ার বিষয়টি তদন্তে শুক্রবার সকালে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্যসচিব করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। ভোটমারী খাদ্যগুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ ঘটনায় কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কালীগঞ্জ ইউএনও জহির ইমাম বলেন, ‘ট্রলিতে করে রাতের আঁধারে গুদাম থেকে চাল সরানো হচ্ছে, এমন গোপন খবরে রাতেই গুদাম পরিদর্শনে যাই। সেখানে গুদাম কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গুদাম সিলগালা করা হয়েছে। পরে সকালে অভিযান চালিয়ে ৬’শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গুদাম কর্মকর্তার সন্ধান পেতে অভিযান চালাচ্ছে পুলিশ। চাল উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘খাদ্য গুদামের ২৫০ টন চাল আত্মসাৎ করে নিখোঁজ রয়েছেন গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম। আমরা অভিযান চালিয়ে ৬’শ বস্তা অর্থাৎ ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করেছি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আমি নিজেও গুদাম পরিদর্শন করেছি। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘শেখ হাসিনা মানুষ করে ক্ষমা তো দূরের কথা শোকই প্রকাশ করেননি’
ডেঙ্গু জ্বর সম্পর্কে জেনে নিন ১০ তথ্য
সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার!
সাবেক ছাত্রলীগ নেতাকে ‘শিবিরের মারধর’, জুতার মালা পরিয়ে উল্লাস