উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১৬ এএম

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশা চালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রিকশা চালক মো. রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে কয়েকজন মিলে তার রিকশায় তুলে দেয়, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন রিকশাচালক রাকিব তাকে দ্রুত উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারেননি সোহান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ওই রিকশাচালকের কাছ থেকে জানা গেছে, উত্তরা এলাকায় ওই যুবককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানা যায় নাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত